ছেলের সামনে মাকে ধর্ষণ, অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়িতে ডাকাতির পর ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গফরগাঁও প্রেসক্লাবের সামনে চরআলগী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের পর প্রবাসী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
স্থানীয় শরীফুল ইসলাম ফরাজি সুমনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুব খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, চরআলগী ইউনিয়ন বিএনপি নেতা গাউসুল আজম বাচ্চু, রোকুনুজ্জামান রোকন প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় পাঁচ যুবক ওই প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে গিয়ে তার ১৪ বছর বয়সী ছেলের (নবম শ্রেণির শিক্ষার্থী) কাছে পানি চান। ওই কিশোর পানি নিয়ে দরজার কাছে এলে যুবকেরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে ঘরে ঢোকে তারা। অস্ত্রের মুখে পরিবারের নারী সদস্যকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ প্রায় পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। এরপর ওই নারীকে তার ছেলের সামনে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনার ভিডিও ধারণ করেন অভিযুক্তদের একজন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। একই সঙ্গে ঘটনা কাউকে জানালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ডাকতা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চর কালিবাড়ি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে রাজিব নামের একজনকে আটক করা হয়। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যান।
এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে চর কালিবাড়ি এলাকার শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুলের (২২) নাম উল্লেখ করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, এ ঘটনায় রাজিব নামে একজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

