logo

নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
খুলনার তেরখাদা থানা। ছবি: এশিয়া পোস্ট

খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজন জেলের বিরুদ্ধে। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) ও আশরাফ শরীফের ছেলে শাজাহান শরীফ (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী (৩১) নদী পার হওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এসময় নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। পরে তাকে দিঘলিয়ার দিকে না নিয়ে কয়েকশ গজ দূরে মধুপুরের শ্যামনগর এলাকার পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামিউল শেখ, মাজাহারুল কাজী ও শাজাহান শরীফকে গ্রেপ্তার করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস এশিয়া পোস্টকে জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।