logo

‘কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে’

‘কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে’
গাজীপুরে ময়লা অপসারণের কাজ পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : এশিয়া পোস্ট

কোরবানির ঈদের দিনের বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে পরিষ্কার করে দেবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২২ মে) বিকেলে গাজীপুরে ময়লা অপসারণের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, বর্জ্য অপ্রসারণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী একটি অনুশাসন জারি করেছে। ঈদের দিনের বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে পরিষ্কার করে দেবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ঈদের দিনের বর্জ্য শুধু গাজীপুর নয়, ঢাকাসহ সারা দেশে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ কাজটি লোকাল এমপি, মেয়র (প্রশাসক) এবং আমি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে পরিদর্শন করব।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, গাজীপুরের বিশাল বর্জ্য অপসারণ এর জন্য হাই ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এই ময়লা থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই পথ ধরে ময়মনসিংহ যাওয়ার পথে ময়লার স্তুপ চোখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এরপরই স্তূপ সরিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করার পর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যই গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।