পুকুর খননের সময় মিলল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় প্রায় ২০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইশানীয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকায় একটি পুকুর খননের সময় মাটির নিচ থেকে মূর্তিটি উঠে আসে। পুকুরটি স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান অশেষ কুমার রায়ের বলে জানা গেছে।
খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি দেখতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কৌতূহল দেখা যায়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং এর ওজন প্রায় ২০ কেজি। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় মূর্তিটি শিগগিরই দিনাজপুরের রাষ্ট্রীয় কোষাগারে পাঠানো হবে।