logo

শাহজালাল মাজারের দানবাক্সে শেখ হাসিনাকে লেখা চিঠিতে কী আছে

শাহজালাল মাজারের দানবাক্সে শেখ হাসিনাকে লেখা চিঠিতে কী আছে
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে। ইনসেটে শেখ হাসিনাকে লেখা চিঠি। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় টাকার স্তূপের মধ্য থেকে চিঠিটি উদ্ধার করা হয়।

চিঠিতে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহপাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।

চিঠিতে তারিখ লেখা ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৬। ওই দিন ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন।

এর আগে, শনিবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে। সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধি এবং উপস্থিত ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছিল। অর্থাৎ প্রায় ৩৫ দিন পর এবার পঞ্চমবারের মতো এগুলো খোলা হলো।

গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়মিত গণনা করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় করা হবে।