logo

দেশের সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

দেশের সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

দেশের সংস্কার চাইলে ধানের শীষ ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকার জগন্নাথপুর ইউনিয়নের গলেনবাবুর বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, দেশটাকে সংস্কার করতে হবে। সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। সংস্কার না চাইলে ‘না’ ভোট দেবেন।

তিনি বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে— এই দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া জরুরি, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।

সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘুরা দেশের আমানত ও দেশের মালিক। সংখ্যালঘু কথাটা ভুলে যান। আমি মির্জা ফখরুল কখনই আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও ছেড়ে যাব না। 

এ সময় মির্জা ফখরুল স্লোগান দেন, ‘হিন্দু-মুসলমান বেঁধেছে জোট ধানের শীষে দেবে ভোট।’