বরগুনায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৫ দিনে আক্রান্ত ৫৫৬

বরিশাল বিভাগের মধ্যে গত বছর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছিল বরগুনায়। চলতি বছরের প্রথম আট মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বর মাস শুরু হতেই জেলাজুড়ে ফের ডেঙ্গুর চোখরাঙানি শুরু হয়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনেই বরগুনায় নতুন করে ৫৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলাটিতে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬০ জনে।
বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ১৩ জন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ভর্তি হয়েছেন সাতজন। যার মধ্যে বেতাগীতে দুইজন, আমতলীতে তিন, পাথরঘাটায় দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
বছরের শুরু থেকে বরগুনা জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৬০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন বরগুনা সদর হাসপাতাল থেকে। বরগুনার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জন রোগী মারা যান। যদিও বেসরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৫৮। গত বছর জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ হাজারের বেশি।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনা সদর হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম।