জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া হবে না : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা প্রথম দিন থেকেই গণভোটের প্রশ্নে পরিষ্কার অবস্থানে আছি। যে কোনো মূল্যে দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া হবে না। জুলাই বিপ্লবকে সফল করতে গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, বাংলার ইতিহাসে শাসকের রং ও পরিচয় বদলালেও শোষণের ধরন কখনো বদলায়নি। একসময় সাদা চামড়ার শাসক, পরে খান-পাঠান শাসক, আর স্বাধীনতার পর দেশীয় শাসক— সবার হাতেই বাংলার মানুষ শোষিত হয়েছে। শাসকরা জনগণের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, স্বাধীনতার পরও শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবার বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। তারা নতুন করে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে, শুরু করেছে চাঁদাবাজি। এসব চাঁদাবাজির শিকার হচ্ছে গরিব-দুঃখী মানুষ ও ফুটপাতের ব্যবসায়ীরা।
১১ দলের ঐক্যের বিষয়ে মামুনুল হক বলেন, আজ যে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি, দল বা জোটের ভাগ্য গড়া নয়। আমরা ঐক্য গড়েছি দেশের মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য।