আশ্বাসে বিশ্বাস নেই, ক্ষুদ্ধ এলাকাবাসীর ফের সড়ক অবরোধ

জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো আবারও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল।
সোমবার (২৫ মে) বেলা ১২টা থেকে জামালপুর বাসস্টেশন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার। শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে, রোববার (২৪ মে) একই দাবিতে বিসিক কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। পরে পৌরসভার কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে একদিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আবারও সড়কে নামেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু আশ্বাসে আর বিশ্বাস নেই। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো স্থায়ী সমাধান পাননি তারা। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।