logo
Advertisement

সৈয়দপুরে সেই রেজোয়ান পেল নতুন ভ্যান

এশিয়া পোস্ট নিউজ,নীলফামারী
সৈয়দপুরে সেই রেজোয়ান পেল নতুন ভ্যান
রেজোয়ানের হাতে নতুন ভ্যানের চাবি ও সহায়তা সামগ্রী তুলে দিচ্ছে উপজেলা প্রশাসন। ছবি : এশিয়া পোস্ট

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে দুই ব্যক্তি ১৪ বছর বয়সী ভ্যানচালক রেজোয়ানের ভ্যান ছিনতাই করার পর তার আকুল কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নজরে আসার পর রেজোয়ানের পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে রেজোয়ানের হাতে নতুন একটি ভ্যানসহ তার পরিবারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়।

এর আগে গত ২৭ আগস্ট রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসায় মালামাল পৌঁছে দেওয়ার কথা বলে রেজোয়ানের ভ্যান ভাড়া করেন। পরবর্তীতে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পৌঁছে তারা রেজোয়ানকে সড়কের অপর পাশের একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন।

রেজোয়ান পান আনতে দোকানে গেলে সেই সুযোগে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি ভ্যানটি নিয়ে পালিয়ে যান।

চারপাশে খুঁজেও ভ্যানটির সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়ে রেজোয়ান। অল্প বয়স থেকেই পরিবারের জীবিকার দায়িত্ব কাঁধে নেওয়া এই কিশোরের উপার্জনের একমাত্র সম্বল হারানোর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনাটি জানার পর রেজোয়ান ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। পরিবারের চরম আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে তিনি রেজোয়ানকে একটি নতুন ভ্যান দেওয়ার আশ্বাস দেন।

সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেজোয়ানের হাতে নতুন ভ্যান হস্তান্তর করা হয়। একই সঙ্গে তার পরিবারের সামাজিক সুরক্ষায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামও প্রদান করা হয়।

নতুন ভ্যান পেয়ে স্বস্তি প্রকাশ করেছে রেজোয়ান ও তার পরিবার। আয়ের পথ আবারও সচল হওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ বিষয়ে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, একজন কিশোরের পরিবারের আয়ের একমাত্র মাধ্যম কেড়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। রেজোয়ান যাতে আবারও নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি নতুন ভ্যান তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রেজোয়ানের পরিবারের অন্যান্য সমস্যার ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা বজায় থাকবে।