পরিবেশমন্ত্রীর সুস্থতা কামনায় ওসির দোয়া মাহফিল

ফেনী-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দাগনভূঞা থানা মসজিদে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে দাগনভূঞা থানা জামে মসজিদে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মন্ত্রীর দ্রুত আরোগ্য ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে মসজিদে উপস্থিত শতাধিক মুসল্লির মাঝে তাবারক বিতরণ করা হয়।
আয়োজনের বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, পরিবেশমন্ত্রী অসুস্থ। তিনি যেন মহান আল্লাহর অশেষ রহমতে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা লাভ করে পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সে জন্যই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সবাই তার আশু আরোগ্যের জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করছি।
