গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় স্থানীয় একটি রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গলাচিপা সদর রোড এলাকায় এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যেে একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটজনকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজের অনুসারীরা।
একই সময়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের সমর্থকরা একটি মিছিল নিয়ে সেখানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সরিয়ে দেয়।
পরবর্তী সময়ে শিপলু খানের সমর্থকরা সদর রোড এলাকায় মিছিল নিয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর আসাদুজ্জামান সবুজের অনুসারীরা সেখানে মিছিল নিয়ে গেলে নতুন করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের হাত থেকে বাঁচতে কয়েকজন নেতাকর্মী স্থানীয় হাবিব হোটেলে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালানো হয়। তবে কারা এ ভাঙচুর চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই এলাকায় পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন ছিল। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।



