logo

রাঙামাটিতে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাঙামাটিতে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা
একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযোন। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটিতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম ও নানা ত্রুটির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ড. মামুন উপস্থিত ছিলেন।

এর মধ্যে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ নানা অনিয়মের অভিযোগে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এর মধ্যে সবাইকে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবা ও ভোক্তা অধিকার সংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।