logo
Advertisement

কলেজটিতে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান শ্রোতাশূন্য ছিল কেন

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
কলেজটিতে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান শ্রোতাশূন্য ছিল কেন
মঞ্চে শিক্ষকরা ও শ্রোতার সারিতে দেখা যাচ্ছে একজনকে। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আর.সি. কলেজে জুলাই অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। শ্রোতাশূন্য অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। যেখানে দেখা যায়, মঞ্চে কয়েকজন শিক্ষক ও শ্রোতার আসনে কর্মচারীকে। অনুষ্ঠানের মিলয়নায়তনে শ্রোতাদের জন্য ২০-৩০টি বসার টেবিল থাকলেও সবগুলো ফাঁকা।

Advertisement

জুলাই অভ্যুত্থান দিবসে বুধবার (৫ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সমালোচকদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা গেল না কেন। একই সঙ্গে ভিডিওতে শিক্ষকদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা যাওয়ায় বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ সিং গণমাধ্যমকে বলেন, আর সি কলেজ উপজেলার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের উদাসীনতায় প্রতিষ্ঠানটি দিনে দিনে তার সুনাম ও ঐতিহ্য হারাচ্ছে। যার প্রমাণ আজকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি দিনে শিক্ষার্থীদের অনুপস্থিতি।

ভিডিওটি নজরে এসেছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামের। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যাওয়া দুঃখজনক। এটি শিষ্টাচারবহির্ভূত। আমার এখতিয়ারের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আঞ্চলিক পরিচালককে জানানো হবে।

তবে বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, ভিডিওতে দেখা দৃশ্য পুরো আয়োজনের চিত্র নয়। বর্তমানে উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষা চলমান থাকায় নিয়মিত পাঠদান বন্ধ। কর্মসূচির বিষয়ে অনলাইনে প্রচার করা হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম ছিল।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হালিম বলেন, ভিডিওটি অনুষ্ঠান শুরুর দিকের। তখন শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। পরে বেশ কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন। অধিকাংশ শিক্ষকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।