logo
Advertisement

গোপালগঞ্জে খাবারের বিল বাকি না দেওয়ায় হোটেল ভাঙচুর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
গোপালগঞ্জ, ঢাকা
গোপালগঞ্জে খাবারের বিল বাকি না দেওয়ায় হোটেল ভাঙচুর
পলাশ শেখ। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

গোপালগঞ্জের মুকসুদপুরে খাবারের বিল বাকি রাখতে না দেওয়ায় একটি হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ ও তার দলীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে মুকসুদপুর থানা-পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে রাঘদি ইউনিয়নের ঢাকা-বরিশাল সড়কের বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ শেষে দলীয় প্রায় ১৫ থেকে ২০ জন কর্মী নিয়ে ওই রেস্টুরেন্টে খাবার খেতে আসেন।

খাবার খাওয়ার পর পুরো বিল পরিশোধ না করে বাকি রাখতে চান পলাশ শেখ। তবে হোটেলের ম্যানেজার এতে অপারগতা প্রকাশ করলে নেতাকর্মীদের সামনে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের দলীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হোটেলে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নেয়।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে। তবে কোনো পক্ষই এ ঘটনায় অভিযোগ করেনি।