এশিয়া পোস্টে সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভাঙন এলাকায় প্রতিমন্ত্রী

‘উজানের ঢলে বিলীন হচ্ছে শত শত বিঘা কৃষিজমি’ এই শিরোনামে এশিয়া পোস্টে সংবাদ প্রচারের পর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তারই নির্দেশনায় ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে ভাঙন রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
পঞ্চগড় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়ে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের লাঠুয়াপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন শেষে এই নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এই সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, সম্প্রতি ভাঙনের খবরটি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি ডেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও জেলা প্রশাসনকে আগামী রোববারের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে কৃষি জমি ভাঙন রোধে স্থায়ী এবং টেকসই সমাধান বাস্তবায়নে কাজ করবে সরকার।
বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, সারা দেশে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ ও কীটনাশক সহায়তার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন।
এছাড়া ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি ভবিষ্যতে খাদ্য বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।





