নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাছাত্রী আহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লিজা আক্তার উপজেলার পূর্ব কলাদী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে। মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সে।
প্রত্যক্ষদর্শী, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টায় ক্লাস শেষে লিজা আক্তার কয়েকজন সহপাঠীর সঙ্গে সড়কের এক পাশ দিয়ে হেঁটে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। উপজেলার মহিলা কলেজ এলাকায় পৌঁছালে সেখানকার বাসিন্দা মো. নুরুজ্জামানের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে আচমকা একাধিক ইট তার মাথায় পড়ে। এতে সে রক্তাক্ত জখম হয় এবং সড়কে পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরে তার সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজীব কিশোর বণিক বলেন, আহত ওই ছাত্রীর কপাল ও মাথায় সেলাই দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিটিস্ক্যান করানোর জন্য তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীকে সিটিস্ক্যান করার জন্য পরিবারের সদস্যরা চাঁদপুরের নিয়ে গেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ বা মামলা হয়নি। থানায় অভিযোগের পরিপ্রক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।