ট্রাকচাপায় বাবা নিহতের ৬ দিন পর চিকিৎসাধীন ছেলের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী ট্রাকের চাপায় সার ব্যবসায়ী সফিকুর রহমান নিহতের ছয় দিন পর মারা গেছেন তার ছোট ছেলে সাইদুর রহমান (২০)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর মারা যান।
অল্প দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সকালে সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলবাহী ট্রাক ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সফিকুর রহমান। এ সময় গুরুতর আহত হন তার দুই ছেলে। তাদের মধ্যে সাইদুর আজ মারা গেছেন।
কবিরহাটের বড় রামদেবপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ছিলেন।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, দুর্ঘটনার পর আহত দুই ছেলেকে প্রথমে মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। ছয় দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, বেলা ১১টার দিকে সাইদুরের মৃত্যুর বিষয়টি জেনেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। ট্রাকচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ট্রাকটি থানায় জব্দ রয়েছে।