মতলব উত্তরে ১০ হাজার হেক্টরে রোপা আমন, বাম্পার ফলনের আশা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন রোপা আমনের সবুজ সমারোহ। মাঠজুড়ে দুলছে ধানের সবুজ পাতা ও কাঁচা শীষ। অনুকূল আবহাওয়া ও নিবিড় পরিচর্যায় এবার আমনের ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। এতে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মতলব উত্তরে ৯ হাজার ৯৮৪ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের দাবি, সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া এবং কৃষকদের যথাযথ পরিচর্যার কারণে এবার আমনের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি উপজেলার ষাটনল, দুর্গাপুর, ইসলামাবাদ, ফতেপুর, রসুলপুর ও এখলাসপুরসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ সবুজে ছেয়ে গেছে। কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানখেতে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ সার ও কীটনাশক প্রয়োগ করছেন। অনেকে আগাছা পরিষ্কার ও পার্চিংয়ের মাধ্যমে ধানখেতের পরিচর্যা করছেন।
সুজাতপুর এলাকার কৃষক মামুন হোসেন বলেন, এ বছর সময়মতো সার ও বীজ পাওয়ার পাশাপাশি যথাসময়ে বৃষ্টিও হয়েছে। ফলে ধানের চারা সবল ও সতেজ হয়েছে এবং শীষও বের হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভালো ফলন পাওয়ার আশা করছেন তিনি।
ইন্দুরিয়া গ্রামের কৃষক সোলেমান ভূঁইয়া বলেন, ধারদেনা করে ধান চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার পাশাপাশি লাভও হবে বলে আশা করছেন তিনি।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। কৃষকদের ভালো ফলন নিশ্চিত করতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।


