Advertisement

লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা সোনালী ব্যাংক চত্বর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পশ্চিম সারডুবী এলাকার তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার বাসিন্দা আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কসংলগ্ন একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হোন। এ সময় অটোরিকশা ও আশপাশে থাকা আরও পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।