ভেজা হাতে পাখা চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোকাররম মোল্লা নামে ১৩ বছরের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোকাররম মোল্লা ওই গ্রামের মো. শহিদুল মোল্লার ছেলে। সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার জানায়, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়িতে ফেরে মোকাররম। বাড়িতে এসে হাত-পা ধোয়ার পর ঘরে প্রবেশ করে সে। কিছুক্ষণ পর টেবিল ফ্যান চালানোর জন্য সুইচে হাত দিতে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।
তার মা মমতাজ বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। রাজবাড়ী সদর হাসপাতালে পৌঁছানোর আগে পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)


