logo

তালা খোলা ঘরটি আওয়ামী লীগের কার্যালয় নয়, এটি গুদামঘর: বিএনপি নেতা

তালা খোলা ঘরটি আওয়ামী লীগের কার্যালয় নয়, এটি গুদামঘর: বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পঞ্চগড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দেওয়ার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভিডিওতে দেখানো স্থানটি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নয়, বরং তিনি সেটিকে একটি গুদামঘর হিসেবেই জানতেন।

আবু দাউদ প্রধান বলেন, শুক্রবার সকালে নিজ এলাকা চাকলাহাট বাজারে আমি চা খেতে যাই। এ সময় বাজারের কয়েকজন মানুষ আমাকে সেখানে ডেকে নিয়ে যায়। গিয়ে জানতে পারি জামায়াতে ইসলামীর এক কর্মী একটি গুদামঘরের তালার চাবি দিচ্ছিলেন না। পরে তিনি ওই কর্মীকে চাবি দিতে বললে তালা খুলে দেওয়া হয় এবং চাবিটি বাজার বণিক সমিতির সভাপতির কাছে জমা রাখা হয়।

স্থানীয় বিএনপির এই নেতার ভাষ্য, ঘরটি গুদামঘর বলেই জানতাম আমি। সেখানে কোনো চেয়ার, টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না। ঘটনার সময় লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছেন—তা আমি বুঝে উঠতে পারিনি। পরে শুনেছি সেই ভিডিওটি আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করা এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।

এর আগে গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। সেখানে উপস্থিত ছিলেন আবু দাউদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আনিসুজ্জামান স্বপনসহ আরও অনেকে। আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়ায় আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানাতে দেখা যায়।