‘রংপুরের শ্রমিক’ পরিচয়ে বাড়িতে অবস্থান, বৃদ্ধাকে হত্যা করে লুট

কুমিল্লার চান্দিনা উপজেলায় শ্রমিক পরিচয়ে একটি বাড়িতে অবস্থান নিয়ে ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি তিন দিন ধরে ওই বাড়িতে থাকার পর পালিয়ে গেছে।
রোববার (৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম (৭৫) ওই বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় জমি থেকে পানি নিষ্কাশন ও ধান কাটার জন্য তিন দিন আগে চারজন শ্রমিককে ভাড়া করে আনা হয়। তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেন এবং কাজের সুবাদে বাড়িতেই অবস্থান করছিলেন। বাড়িটি টিনশেড। এক কক্ষে বৃদ্ধ স্বামী, অন্য কক্ষে ওই চার শ্রমিক এবং পাশের কক্ষে সমিরন বেগম থাকতেন। শনিবার গভীর রাতে চারজন ব্যক্তি প্রথমে তার স্বামীকে অচেতন করে রাখেন। পরে সমিরন বেগমকে বেঁধে কানের স্বর্ণালংকারসহ ঘরের নগদ প্রায় ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবানসামগ্রী লুট করেন। এ সময় বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। রোববার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন জানান, শ্রমিক পরিচয়ে আসা ব্যক্তিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের ধারণা। পাশের বাড়িতে পরিবারের অন্য সদস্যরা থাকলেও কেউ কিছু টের পাননি। দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।