লালমনিরহাটে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর র্যালির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এতে পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়।
দুপুরের দিকে উপজেলার অডিটোরিয়াম চত্বর থেকে ব্রাজিলের একটি বিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিলটি বের হয়। সমর্থকরা তুষভান্ডার খেলার মাঠে গিয়ে উল্লাসে মেতে ওঠেন। এরপর মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে মহিলা কলেজের সামনে ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে এবং ছোট-বড় পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান এবং প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের এই বাঁধভাঙা আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক জনতার উপচে পড়া ভিড় দেখা যায়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা বলেন, ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা এই আয়োজন করেছেন। সম্পূর্ণ নিজেদের অর্থ ব্যয় করে দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় ব্রাজিল সমর্থক ধীমান, মারুফ, ফাহিম, তৌফিক, তকি, লাবিব, রিবুল ভুঁইয়াসহ কয়েকজন যুবক। তারা প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন।
