চালককে মারধরের জেরে নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁয় বাস কাউন্টারে হামলা এবং এক বাস চালককে মারধরের ঘটনার প্রতিবাদে আকস্মিক ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এতে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টা থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে বাস আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে এই কর্মসূচি শুরু করেন চালক, মালিক ও শ্রমিকরা।
এদিকে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই বাস টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে কিছু বহিরাগত দুর্বৃত্ত আকস্মিকভাবে এক বাস চালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তারা ‘একতা পরিবহন’ এর বাস কাউন্টারে ব্যাপক ভাঙচুর ও হামলা চালায়। এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। জেলা বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক চঞ্চল জানান, ইতোমধ্যে শ্রমিকদের সঙ্গে প্রাথমিক বৈঠক হয়েছে। জেলা বাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু শ্রমিকদের দাবি ও ক্ষোভের কথা শুনেছেন। শ্রমিকদের গায়ে হাত তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অপরাধী যে দলেরই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং উভয় পক্ষের দাবি-দাওয়া শুনে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
