জাহাজ থেকে নামানোর সময় ক্রেন ছিঁড়ে পড়ল গাছ বোঝাই কনটেইনার

চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ জেটিতে একটি বাণিজ্যিক জাহাজ থেকে কন্টেইনার খালাসের সময় কিউ গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে গাছ বোঝাই একটি কন্টেইনার ট্রেইলারের ওপর পড়ে ট্রেইলার ও কন্টেইনারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে সিসিটি-৩ জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে কন্টেইনার নামানোর সময় ‘কিউ গ্যান্ট্রি ক্রেন-৪’-এর ক্যাবল ছিঁড়ে যায়। এতে গাছ বোঝাই কন্টেইনারটি নিচে থাকা ট্রেইলারের ওপর পড়ে।
দুর্ঘটনায় ট্রেইলারের পেছনের অংশ এবং কন্টেইনারটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এশিয়া পোস্টকে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
.png)






