logo
Advertisement

বেইলি ব্রিজের পাটাতন ভেঙে অকেজো, যান চলাচল বন্ধে দুর্ভোগ

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
বেইলি ব্রিজের পাটাতন ভেঙে অকেজো, যান চলাচল বন্ধে দুর্ভোগ
বেইলি ব্রিজের পাটাতন ভেঙে তৈরি হয়েছে বিপজ্জনক গর্ত। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর ও কৃষ্ণরামপুর সংযোগস্থলের বেইলি ব্রিজটির পাটাতন ভেঙে অকেজো হয়ে পড়েছে। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, আগে ফাজিলেরঘাট বাজার সংলগ্ন দাগনভূঞা-সোনাগাজী সড়কে থাকা বেইলি ব্রিজটি সরিয়ে এনে মোমারিজপুর ও কৃষ্ণরামপুর এলাকার যোগাযোগের জন্য স্থাপন করা হয়। দাগনভূঞা, সোনাগাজী ও ফেনী সদরে যাতায়াতের জন্য সেতুটি স্থানীয়দের একমাত্র ভরসা।

তবে দীর্ঘদিন সংস্কারের অভাব, লোহার পাতে মরিচা ধরা, অতিরিক্ত গাড়ির চাপ এবং পাটাতন উঠে যাওয়ায় সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। কিছুদিন আগে সাময়িকভাবে মেরামত করা হলেও বর্তমানে অবস্থা এতই নাজুক যে, একটি মোটরসাইকেল বা বাইসাইকেল নিয়ে পার হওয়াও অসম্ভব হয়ে পড়েছে।

সেতুটি অকেজো হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। ফাজিলেরঘাট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইফুল জানায়, ব্রিজ পার হয়ে তাদের স্কুলে যেতে হয়; কিন্তু বর্তমানে হেঁটে পার হতেও ভয় লাগে।

এদিকে সেতু ভেঙে পড়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। জেলে পাড়ার মাছ বিক্রেতা শ্যামল দত্ত জানান, ভ্যান নিয়ে ব্রিজের ওপারে গিয়ে মাছ বিক্রি করতে না পারায় বেচাকেনা আশঙ্কাজনকভাবে কমে গেছে। সিএনজিচালিত অটোরিকশাচালক সিরাজ জানান, আগে সরাসরি ফাজিলেরঘাট হয়ে ফেনী ও দাগনভূঞা যাওয়া গেলেও এখন মাতুভূঞা বা বেকেরবাজার দিয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে।

স্থানীয় খুচরা ব্যবসায়ী মো. রুবেল ও তরুণ উদ্যোক্তা রেজাউল হাসান জানান, পণ্য ও কৃষিপণ্য পরিবহনের গাড়ি ব্রিজের এপারে আসতে পারছে না। ফলে বিকল্প পথে মালামাল আনতে অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানান, ব্রিজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।