Advertisement

নোয়াখালীতে জানালার গ্রিল কেটে মাদ্রাসায় চুরি

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে জানালার গ্রিল কেটে মাদ্রাসায় চুরি
এআইয়ের মাধ্যমে তৈরি করা প্রতীকী ছবি।

নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ ৩ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো একসময় জেলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কারামতিয়া কামিল মাদ্রাসার পেছনের জানালার গ্রিল কেটে অফিস কক্ষে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে কক্ষে থাকা বিভিন্ন খাতের ৩ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকা চুরি করে পালিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ডিউটির সময় নৈশপ্রহরী ভবনটি পরিদর্শনে গিয়ে কার্যালয়ের জানালা খোলা দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নৈশপ্রহরী লোকমান মিয়া বলেন, দায়িত্ব পালনের সময় টর্চলাইট দিয়ে ভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখছিলাম। একপর্যায়ে কার্যালয়ের একটি জানালা খোলা দেখে বিষয়টি সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানাই।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ আলী ছিদ্দিকী বলেন, রাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। সেখানে বিভিন্ন খাতে সংরক্ষিত নগদ ৩ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকা চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অর্থ উদ্ধারের দাবি জানাচ্ছি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :নোয়াখালী