logo

নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না, আ.লীগকে প্রতিমন্ত্রী নূরের হুঁশিয়ারি

নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না, আ.লীগকে প্রতিমন্ত্রী নূরের হুঁশিয়ারি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ছবি : এশিয়া পোস্ট

‘আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না’—আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলায় উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, রাস্তায় ককটেল বিস্ফোরণ কিংবা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে প্রশাসন ও রাজনৈতিক দল তা প্রতিহত করবে। আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে ইতোমধ্যে চারটি মাঠ সংস্কার করা হয়েছে। এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলায় খেলাধুলার জন্য একটি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিন, সংস্থার সদস্য আবুল বশারসহ স্থানীয় প্রবীণ ক্রীড়াব্যক্তিরা।

আয়োজকদের সূত্রে জানা গেছে, ২০১১ সালের পর থেকে উপজেলা ক্রীড়া সংস্থার দৃশ্যমান কোনো কার্যক্রম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে নতুন করে উপজেলা ক্রীড়া সংস্থা গঠন করা হয়। এরপর সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো এ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে খেলাগুলো।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আলীপুর ও বহরমপুর ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বহরমপুর ইউনিয়নকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলীপুর ইউনিয়ন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে খেলাধুলার ব্যবস্থা করা হবে।

ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলার আলীপুর ও রণগোপালদী ইউনিয়নের এসব পরিবারের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট