logo

শেষ কর্মঘণ্টায় কেউ নেই, ভূমি অফিসের সব কর্মচারীকে শোকজ

শেষ কর্মঘণ্টায় কেউ নেই, ভূমি অফিসের সব কর্মচারীকে শোকজ
কালিয়াকৈর উপজেলা ভূমি অফিস। ছবি: এশিয়া পোস্ট

অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের সকল কর্মচারীকে শোকজ করা হয়েছে। বুধবার বিকেলে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

জানা যায়, বুধবার দিনের শেষভাগে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, সার্ভেয়ার মোহাম্মদ সালাউদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মো. রুকুনুজ্জামান ও সার্টিফিকেট পেশকার জয়নাব সুলতানাকে অফিসে অনুপস্থিত দেখতে পান। তাদের বিরুদ্ধে এর আগেও অফিস সময়ে কাজে ফাঁকি দেওয়া এবং সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগ রয়েছে। সরকারি নিয়মানুযায়ী কর্তব্যে অবহেলার জন্য ওই চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেন ইউএনও।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সরকারের নির্ধারিত সময় পর্যন্ত অফিসে অবস্থান ও কাজ করা সবার দায়িত্ব। বিকেলে ভূমি অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এজন্য সবাইকে শোকজ করা হয়েছে।