logo

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আবদুল মান্নান তালুকদার নিজেই বাদী হয়ে মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে কাজিয়েল হাজাত শাহী মুনশীকে। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭-৮ জনকে। অভিযুক্ত কাজিয়েল হাজাত শাহী মুনশী পৌর কৃষকদলের সভাপতি।

এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

মান্নান তালুকদার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজিতে করে ময়মনসিংহ যাওয়ার পথে তাকে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশী দেখতে পান। রেলক্রসিং অতিক্রমের সময় এবং সামনে পৌর ট্যাক্স টোল আদায়ের জন্য সিএনজি ব্যারিকেড দিলে শাহী মুনশী এসে টেনেহিঁচড়ে তাকে সিএনজি থেকে নামান। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে শাহী মুনশী ও তার সহযোগীরা তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে পথচারীদের ডেকে এনে তাকে দেখানো হয়।

তিনি আরও বলেন, ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। নির্বাচনে আমি ঘোড়া প্রতীকের প্রার্থীর নির্বাচন করেছিলাম। একমাত্র এটাই আমার অপরাধ।

তবে অভিযোগ অস্বীকার করে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করতেই আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ফ্যাসিস্টবিরোধী প্রতিটি আন্দোলন- সংগ্রামে রাজপথে অবস্থান নিয়েছে আবদুল মান্নান। এজন্য মামলার আসামি হয়ে তাকে অনেকবার জেল খাটতে হয়েছে। তাকে এভাবে লাঞ্ছিত করা কখনও মেনে নেওয়া যায় না।

কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, শাহী মুনশীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।