নাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা নাশকতার মামলায় পুতুল রাণী (৩২) নামে উপজেলা কৃষক লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে পৌর শহরের কিংজাল্লা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পুতুল রাণী ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনটির নেত্রী। তার বাবার নাম মৃত সাদাফল। তিনি ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারীপাড়া (কিংজাল্লা) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়া বাদী হয়ে দায়ের করা ১৩ নম্বর মামলার আসামি পুতুল রাণী। ওই মামলায় তার সম্পৃক্ততার অভিযোগে রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়ার দায়ের করা ১৩ নম্বর মামলার আসামি পুতুল রাণীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
