logo

চুয়াডাঙ্গার অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

চুয়াডাঙ্গার অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিবেশগত বিধিবিধান ও সরকারি নীতিমালা উপেক্ষা করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি অবৈধ ইটভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর ও দুধপাতিলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলায় সরকারি নীতিমালা ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধ ইটভাটা পরিচালিত হয়ে আসছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট ভাটা মালিকদের পূর্বে সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছিল। তবে নির্দেশ অমান্য করে অবৈধভাবে ভাটা পরিচালনা করায় আজ দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সনি ব্রিকস এ অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় ওই ভাটায় বুলডোজার চালিয়ে চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। এরপর দুধপাতিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত দোয়েল ইটভাটারও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন জানান, সরকারি নীতিমালা অমান্য করে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা ভেঙে ফেলা হবে।