স্যাটেলাইট প্রযুক্তিতে মেঘনায় নতুন চরের সীমানা নির্ধারণ

স্যাটেলাইট ম্যাপ ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চরে দুই ইউনিয়নের (নীলকমল ও হাইমচর) সীমানা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী সীমানা নির্ধারণের কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে বিভিন্ন মৌজার জমির মালিকসহ প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
সীমানা নির্ধারণ কার্যক্রমে নীলকমল ইউনিয়নের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, সহসভাপতি ইসহাক খোকন, প্রচার সম্পাদক সিরাজ হাওলাদার ও বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান রাজু সর্দার।
অন্যদিকে হাইমচর ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান মাঝি, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন লিটন সরকার এবং বিএনপি নেতা ও ইউপি সদস্য মমিন দালাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা কৃষক দলের সভাপতি আলী আকবর টেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন পেদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
স্থানীয়দের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে নতুন চর ও জমির সীমানা নিয়ে স্থানীয়দের মধ্যে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি ছিল, তা নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে জমির মালিকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
মেঘনার বুকে জেগে ওঠা নতুন চরকে ঘিরে ভবিষ্যতে জমির মালিকানা, সীমানা ও প্রশাসনিক পরিচয় নিয়ে যেন নতুন কোনো বিরোধ সৃষ্টি না হয়, সেই প্রত্যাশা স্থানীয়দের।
