logo

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে রোহিঙ্গা যুবক আটক

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে রোহিঙ্গা যুবক আটক

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় আলী হোসাইন নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন-১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কানাইঘাট উপজেলার কাচারীপাড়া এলাকা থেকে রোহিঙ্গা যুবক আলী হোসাইনকে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। পরে পাচার চক্রের সদস্য রুমেল আহমেদকেও আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদে থাকেন তার পরিবারের সদস্যরা। তাদের কাছে যাওয়ার জন্য পাচার চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।

একই দিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ এবং যশোরের মনিরামপুর উপজেলার শাহানাজ।

তাদের কাছ থেকে ১৮ হাজার ৭৬০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, রুবেল শেখ উন্নত চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষা জোরদারে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।