logo

হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান

হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সেলিনা হায়াৎ আইভী। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে আইনজীবীদের সঙ্গে নিয়ে স্বশরীরে আদালতে হাজির হন আইভী। তার উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে স্লোগান দেন সাবেক এই মেয়র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১নং আসামি করা হয়েছে।

আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলায় পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন এবং আইভীর পুনরায় জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। শুনানিতে উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের পর আদালত আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়। এসব মামলায় এক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে সব কটি মামলায় জামিন পান তিনি।