logo
Advertisement

হাঁস-মুরগির খোঁয়াড়ে চোরাই ফোনের ‘গুদাম’, গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
হাঁস-মুরগির খোঁয়াড়ে চোরাই ফোনের ‘গুদাম’, গ্রেপ্তার ১
ভারতীয় চোরাই ফোনসহ একজন গ্রেপ্তার। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ভারতীয় চোরাই ফোন উদ্ধার করা হয়েছে । পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

এর আগে, বৃহস্পতিবার রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসাদমোড় এলাকায় ফোনের চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে তল্লাশি চালিয়ে ৫৫টি ভারতীয় ফোন পাওয়া যায়। এর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোর বিভিন্ন মডেল রয়েছে। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

পুলিশ বলছে, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘ দিন ধরে ভারতীয় চোরাই ফোন কেনাবেচা হয়ে আসছিল। দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে রংপুর ও ঢাকা থেকে ফোন ব্যবসায়ীরা এসে এসব ফোন কিনে নিয়ে যেতেন বলে তথ্য পাওয়া গেছে।

সীমান্তের ওপারে চুরি বা ছিনতাই হওয়া ফোন একটি চোরাচালান চক্রের মাধ্যমে বাংলাদেশে এনে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এসব ফোনের অনেকগুলোর বৈধ কাগজপত্র ও নিবন্ধন না থাকায় সেগুলো অবৈধভাবে কেনাবেচা করা হতো।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় এলাকাটি দীর্ঘ দিন ধরে চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সহযোগিতায় পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে এসব ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার এনামুল হক অন্তরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ফোনগুলোও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।