নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত লিটন (২৬) রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, হত্যার শিকার যুবক লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে আগের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। পরবর্তী রোববার রাতে নিহত লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে কারা যেন হত্যা করেছে। ধারণা করছি তার সঙ্গের কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।