logo

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস-ট্রাক। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই পিকআপের আরোহী ছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরী রামপুর এলাকার মো. দুলালের ছেলে মুহাম্মদ ইয়াছিন (২৫)।

মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ জানায়, চকরিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল সবজিবাহী পিকআপটি। নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।

পরে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।