logo

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, ৭ ঘণ্টায় আটক ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, ৭ ঘণ্টায় আটক ২
বাঁয়ে নিহত খোরশেদ আলম এবং আটক ইব্রাহিম ও মাসুদ রানা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

লক্ষ্মীপুর সদর উপজেলায় খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় সাত ঘণ্টার মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

আটক দুজন হলেন ইব্রাহিম ও মাসুদ রানা। তারা একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

নিহত খোরশেদ আলম সদর উপজেলার দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন।

নিহতের পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছেন। এ বিরোধের জেরে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন ছিল।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইব্রাহিম ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।