সরকারি জমি দখল করে বিএনপি নেতা বললেন, ‘আরও অনেকে করেছে’

ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি অধিগ্রহণকৃত জমি দখল করে দোকানঘর নির্মাণ করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস মোল্লা ও তার ছেলে ওসমান মোল্লা। তবে এই বিএনপি নেতা দাবি করেছেন, দখল তিনি একা করেননি। তার মতো আরও অনেকে সরকারি জমি দখল করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের পাশের কয়েকটি স্থানে সম্প্রতি দোকানঘর নির্মাণকাজ শুরু করেন ইউনুস মোল্লা। এসব জায়গা মহাসড়কের জন্য সরকারের অধিগ্রহণকৃত জমির অন্তর্ভুক্ত। দলীয় প্রভাব খাটিয়ে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
সংশ্লিষ্ট জমির বিষয়ে ইউনুস মোল্লা কোনো বৈধ দলিল বা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয়দের আশঙ্কা, মহাসড়কের সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
জানতে চাইলে দখলের বিষয়টি স্বীকার করে ইউনুস মোল্লা বলেন, দখল শুধু আমি একা করিনি, আমার মতো আরও অনেকে করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপি করি। যেহেতু এটি সরকারি জায়গা, সরকার চাইলে যখন খুশি নিয়ে যেতে পারে। এতে আমার আপত্তি নেই।
বিষয়টি নজরে আনা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, খোঁজ-খবর নেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।