লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টায় বিজিবি-গ্রামবাসীর বাধা। ছবি : এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (৪ জুলাই) ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধীন চকপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পসংলগ্ন সীমান্ত পিলার ১৮৩/৩-এস এলাকায় বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেখানে সন্দেহজনক লোকসমাগম টের পেয়ে বিজিবির টহল দল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন।

বিজিবির দাবি, পুশইনের উদ্দেশ্যে বিএসএফ জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ‘মুসলিমপাড়া’ এলাকায় আনুমানিক ১২ জনকে জড়ো করেছিল। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে করে ওই ১২ জনকে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে ফিরিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।