Advertisement

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টার থেকে মো. আব্দুর রহমান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবওয়েল এলাকার পল্লী বিদ্যুৎ সংলগ্ন টাটা সার্ভিসিং সেন্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি ওই সার্ভিসিং সেন্টারে নৈশপ্রহরী (নিরাপত্তাকর্মী) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় নিহত আব্দুর রহমানের মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। তবে এটি পরিকল্পিত কোনো হামলা নাকি অন্য কোনো ঘটনা—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান আলী জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।