নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত নেতাকর্মীর মারামারি

নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে ভোলা-২ আসনের দৌলতখান উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা করছিলেন জামায়াতে ইসলামী ও ছাত্র-শিবিরের নেতাকর্মীরা। তারা মুন্সিরহাট এলাকায় আসলে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বাকবির্তক বাঁধে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে মারামারিতে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন।
দৌলতখান বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু অভিযোগ করে জানান, জামায়াতের নেতাকর্মীরা প্রচারণা করার সময় স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। এতে তাদের ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মো. হাসান তারেক জানান, নির্বাচনী প্রচারণা করার সময় কোনো কারণ ছাড়াই ওই এলাকার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াত ও শিবির কর্মীদের ওপর হামলা চালান। এতে তাদের অন্তত ৩-৪ জন আহত হয়েছেন। এরমধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছে।
দৌলতখান থানার ওসি মো. সাইফুল ইসলাম শিকদার জানান, খবর পেয়ে পুলিশ, নৌ বাহিনী ও কোস্টগার্ড পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।