রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যাবেন। এরপর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এ সফরে তিনি নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে দেবেন।
এ দিকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এই নির্বাচনি জনসভা। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে জানান, রাজশাহীসহ উত্তরবঙ্গের জন্য তারেক রহমান বার্তা নিয়ে আসবেন। তার বার্তার মধ্য দিয়ে দেশের মানুষ এগিয়ে যাবে।
কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতিবিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য দেবেন। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।