লোকালয়ে ছোটাছুটি করছিল চিত্রা হরিণ

সুন্দরবনসংলগ্ন মোংলার লোকালয় থেকে স্থানীয়দের সহায়তায় একটি মায়াবী চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। এদিকে হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে, নাকি চোরা শিকারিরা ধরে এনেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বন বিভাগ অনুসন্ধান চালাচ্ছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে হরিণটি উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করে বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বন বিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় পুনরায় বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস এশিয়া পোস্টকে বলেন, এত বড় পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসাটা কোনোভাবেই সম্ভব নয়। বরং চোরা শিকারিরা এটিকে শিকার করে আনার পর কেউ হয়তো দেখে ফেলায় এটিকে তারা ছেড়ে দিয়েছে। প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। তারপরও এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
এর আগে, গত ৬ জানুয়ারি সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রাম থেকে একটি হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটি পুনরায় বনে অবমুক্ত করা হয়।