Advertisement

এক ক্লিকেই মিলবে রক্তদাতা

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
এক ক্লিকেই মিলবে রক্তদাতা
চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা শনাক্ত ও যোগাযোগের সুবিধার্থে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নীলফামারী জেলা প্রশাসনের ‘হিমোগ্লোবিন ওয়েব পোর্টালে’ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নীলফামারীর ডোমারে চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পেইনে সংগৃহীত শিক্ষার্থীদের রক্তের গ্রুপসংক্রান্ত যাবতীয় তথ্য জেলা প্রশাসনের তৈরি ‘নীলফামারী হিমোগ্লোবিন ওয়েব পোর্টালে’ তুলে ধরা হবে। ফলে যে কোনো জরুরি সময়ে এক ক্লিকেই রক্তদাতাদের সন্ধান মিলবে এবং সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। কিশোর-কিশোরীদের রক্তস্বল্পতা চিহ্নিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসক বলেন, হিমোগ্লোবিন ওয়েব পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের রক্তের গ্রুপ জানা সহজ হবে। জরুরি মুহূর্তে কে রক্ত দিতে পারবেন এবং কার প্রয়োজন—এ পোর্টালের মাধ্যমে দ্রুত তার সমন্বয় করা সম্ভব হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী এবং চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।