logo

জনরায় অগ্রাহ্যকারী সরকার জনগণের হতে পারে না: জামায়াত আমির

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
জনরায় অগ্রাহ্যকারী সরকার জনগণের হতে পারে না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জনরায় অগ্রাহ্যকারী সরকার কখনো জনগণের হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণই তার জবাব দেবে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ খাতগুলোতে যোগ্য ও দেশপ্রেমিকদের মূল্যায়ন না করে ভিন্নমতাবলম্বীদের দমন ও দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সংসদ জনগণের কথা বলার জায়গা হলেও সেখানে জনদুর্ভোগ, দ্রব্যমূল্য, দুর্নীতি ও জাতীয় স্বার্থের বিষয়ে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের আমীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়া হবে না। দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে। ভয়ভীতি বা মামলার হুমকি দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না।

বাজেটে বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে উল্লেখ করে তিনি বলেন, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কী আছে? অল্পতে ধৈর্য হারালে ১৮ কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কীভাবে? তবে হা জনগণ যখন দেখবেন, জনআকাঙ্খা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক, তখন আপনাদের প্রশংসা করবে। কিন্তু যখন জনগণ দেখবে আপনারা ৭০ ভাগ মানুষের রায়কে অপমান অগ্রাহ্য করছেন, তখন জনগণ বসে বসে আঙুল চুষবে না।

চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা। ছবি: এশিয়া পোস্ট
চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

এতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ শরিক দলগুলোর মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতারা গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দেশব্যাপী ঐক্যবদ্ধ গণআন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।