logo

নির্বাচনে ২৫ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি রাউজানে

নির্বাচনে ২৫ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি রাউজানে

চট্টগ্রামের একটি গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি এবার দেশব্যাপী নতুন করে আলোচনায় এসেছে। তবে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের মানুষের কাছে এটি কোনো নতুন অভিজ্ঞতা নয়। স্বাধীনতার পর প্রায় প্রতিটি সংসদেই এই গ্রামের একাধিক সন্তান জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি একই সংসদ নির্বাচনে তিনজনের জয়ী হওয়ার ঘটনা ঠিক ২৫ বছর আগেও একবার দেখেছিল গহিরাবাসী।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি পৃথক আসন থেকে বিজয়ী হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। তারা তিনজনই গহিরা গ্রামের সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে, হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাহাড়তলী) আসন থেকে সংসদ সদস্য হয়েছেন।

​এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে গহিরা গ্রামের তিন সন্তান সংসদে গিয়েছিলেন। সেবার রাউজান থেকে ফজলে করিম চৌধুরী, রাঙ্গুনিয়া থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং কোতোয়ালি আসন থেকে আবদুল্লাহ আল নোমান নির্বাচিত হন। সেই নির্বাচনে ফজলে করিম আওয়ামী লীগ থেকে এবং বাকি দুজন বিএনপি থেকে বিজয়ী হয়েছিলেন। সে ঘটনার দীর্ঘ ২৫ বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

এবারে নির্বাচিতরা মূলত রাউজানের দুটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য। বিজয়ী গিয়াস কাদের ও হুম্মাম কাদের সম্পর্কে আপন চাচা-ভাতিজা। হুম্মাম এই পরিবারের তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য। তার দাদা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। অন্যদিকে সাঈদ আল নোমান তার পরিবারের দ্বিতীয় প্রজন্মের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র। তার জেঠা আবদুল্লাহ আল হারুণও সত্তরের নির্বাচন ও স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

​উল্লেখ্য, চট্টগ্রামের কিংবদন্তি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও এই গহিরা গ্রামেরই সন্তান। তার পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ফজলে করিম চৌধুরী বিগত সংসদগুলোতেও এই গ্রামের প্রতিনিধিত্ব করেছেন। গহিরা গ্রামের এই রাজনৈতিক ঐতিহ্য চট্টগ্রামের ইতিহাসে গ্রামটিকে এক অনন্য মর্যাদায় আসীন করেছে।