খুলনায় দুই থানার ৬ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

খুলনা মহানগরের দুই থানার ৬ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে বকশিশ আদায় ও অনৈতিক লেনদেনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—লবনচরা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) এমএম জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল উৎপল হাওলাদার, লবনচরা থানার এএসআই খালিদ হাসান এবং দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেন।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, প্রত্যাহারের পর তাদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তবে প্রত্যাহার আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না থাকলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বকশিশ আদায় ও অনৈতিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের প্রত্যাহার করে তদন্ত শুরু করা হয়েছে।